৩৩ মাস পর নিজ এলাকায় যাচ্ছেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল বুধবার নিজের নির্বচানী এলাকায় যাচ্ছেন।
করোনা সংক্রমণ ও অসুস্থতার কারণে গত ৩৩ মাস নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) যেতে পারেননি সেতুমন্ত্রী।
এর আগে সবশেষ ২০১৯ সালের ১৩ আগস্ট ঈদুল আজহা উদযাপন করতে বাড়িতে এসেছিলেন ওবায়দুল কাদের।
আগামীকাল বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামের নিজ বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠানের আয়োজক তারই ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
দুপুর ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে উপজেলা ডাক বাংলায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে সেতুমন্ত্রীর। এ ছাড়া কবিরহাট উপজেলা ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তিনি ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সেতুমন্ত্রীর আগমণ উপলক্ষে বাড়ির সামনে গার্ড অব অনার মঞ্চ তৈরি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।