ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরে ছুটি শেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলছে সরকারি অফিস। গত ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ বুধবার।
সাপ্তাহিক দুই দিন মিলে এবারের ঈদুল ফিতরে টানা ছয় দিনের ছুটি ভোগ করতে পেরেছেন সরকারি চাকরিজীবীরা।
গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। আর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
করোনার বিধিনিষেধ থাকায় গত দুই বছর ঈদগাহে জামাত হয়নি। এবার জাতীয় ঈদগাহে প্রধান জামাতসহ দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ঈদ উদযাপিত হয়েছে।
এর আগে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে অসংখ্য মানুষের রাজধানী ছাড়ার চিরাচরিত সেই চিত্র চোখে পড়েছে। লাখ লাখ মানুষ গ্রামে ফেরায় ঢাকা ফাঁকা হয়ে গেছে।