প্রেমের গল্পে নতুনরূপে ফিরছেন নাজনীন নীহা
অভিনয় জগতে পা রেখেই স্বল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন তরুণ অভিনেত্রী নাজনীন নীহা। দর্শকদের প্রত্যাশা পূরণে সবসময়ই বৈচিত্র্যময় গল্প ও চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার একটি বিশেষ প্রেমের নাটকে নতুনরূপে হাজির হতে যাচ্ছেন তিনি। নাটকের নাম ‘জনম জনমে’।
এই নাটকে নীহার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। এর আগে ‘অবুঝ পাখি’ ও ‘উইশ কার্ড’ নাটকে এই জুটির রসায়ন দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। তৌফিকুল ইসলামের পরিচালনায় আবারও পর্দায় ফিরছে ইয়াশ-নীহা জুটি। নাটকটির কাহিনি লিখেছেন রায়হান মাহমুদ।
নতুন এই কাজ প্রসঙ্গে নাজনীন নীহা বলেন, “ভালোবাসার গল্প নিয়ে অনেক কাজ হলেও এতে নতুনত্বের অনেক সুযোগ থাকে। মানুষের আবেগ-অনুভূতি কত বিচিত্রভাবে প্রকাশ পায়, তার কিছুটা আভাস পাওয়া যাবে ‘জনম জনমে’ নাটকে। এর আগে অনেক রোমান্টিক নাটকে অভিনয় করলেও এবারের গল্পটি বেশ আলাদা। আমার বিশ্বাস, এটি দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।”
অভিনেতা ইয়াশ রোহান বলেন, “সময় ও মানুষ বদলালেও অকৃত্রিম ভালোবাসা কখনো হারায় না। ভালোবাসা চিরন্তন—এই চিরচেনা অনুভূতিটিই নতুনভাবে দর্শক উপলব্ধি করতে পারবেন এই নাটকে। যারা রোমান্টিক গল্প পছন্দ করেন, নাটকটি তাদের ভালো লাগবে।”
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে শিগগিরই নাটকটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা ও কলাকুশলীরা।
বর্তমানে নাজনীন নীহা আরও বেশ কিছু ভিন্নধর্মী নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত বছর ‘মেঘবালিকা’, ‘চুপকথা’, ‘উইশ কার্ড’, ‘মিথ্যা প্রেমের গল্প’ ও ‘সহযাত্রী’র মতো নাটকে অভিনয় করে আলোচনায় ছিলেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত নাটক ‘অ্যারেঞ্জ ম্যারিজ’ দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।