করোনায় আজও মৃত্যুশূন্য দেশ, বেড়েছে শনাক্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৪ জন আছে।
বুধবার (১৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। এ ছাড়া সোমবার (১১ এপ্রিল) দেশে করোনায় একজনের মৃত্যু হলেও এর আগে গত ৫ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত টানা ছয় দিন দেশে করোনা আক্রান্ত হয়ে কোনো মৃত্যু ছিল না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ১৬২ জনে।
এ ছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৭৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৯ হাজার ৮৭৯ জন।
এর আগে মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হন ৫ লাখ ৪৫ হাজার ১০৫ জন। এ সময় মারা যান ২ হাজার ২ জন।