গুলশানের বাসায় বসেছে নতুন টেলিফোন
রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে রাজধানীর গুলশানের একটি বাসায় প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে গুলশানের ১২৩ নম্বর সড়কের ‘গ্রিন ভিলা’ ভবনে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) দুই কর্মী নতুন টেলিফোন সংযোগ স্থাপনের কাজ করতে যান।
ভবনটির বাইরে তেমন কোনো ব্যস্ততা নেই। তবে ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য দায়িত্ব পালন করছেন। ভবনের নিরাপত্তাকর্মী মো. মাছুম জানান, তিন-চার দিন আগে মো. সাহাবুদ্দিন সেখানে এসেছিলেন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। এরই মধ্যে বাসার প্রয়োজনীয় প্রস্তুতির বেশির ভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং সেখানে বিশেষ শাখার (এসবি) সদস্যরাও অবস্থান করছেন। পদত্যাগের পর ভবনের পঞ্চম তলায় তার ওঠার কথা রয়েছে বলেও জানান তিনি।
বিটিসিএলের টেলিকমিউনিকেশন্স মেকানিক আব্দুর রাজ্জাক বলেন, সরকারি নির্দেশে বাসাটিতে নতুন টেলিফোন সংযোগ দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বগ্রহণের পর আগের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল। এখন দায়িত্ব ছাড়ার পর তিনি এই বাসায় উঠবেনÑ এমন তথ্যের ভিত্তিতেই নতুন সংযোগ স্থাপনের কাজ চলছে।
শুক্রবার বিকালে মো. সাহাবুদ্দিন নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।