মাদকের আখড়া থাকলে পুলিশকে জানান : ডিএমপি কমিশনার
মাদকের সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকলে ছাড় নয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি আহ্বান জানিয়েছেন, ঢাকা শহরে কোনো মাদকের আখড়া থাকলে তা পুলিশকে জানান।
আজ মঙ্গলবার দুপুরে উত্তরা কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
মো. আছাদুজ্জামান মিয়া বলেন, ‘মাদক বন্ধ করতে যা যা করা দরকার তাই করা হবে। মাদক ব্যবসায়ীদের পেছনের মদতদাতাদের খুঁজে বের করা হবে। ঢাকা শহরে কোনো মাদকের আখড়া থাকলে পুলিশকে জানান, ব্যবস্থা নেওয়া হবে।’
ইভটিজিং, মাদক ও সন্ত্রাসী সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘পুলিশ ঢাকা শহরে হাজার হাজার উঠান বৈঠক করে ইভটিজিং, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে জনমত সৃষ্টি করেছে।’
জঙ্গি ও সন্ত্রাস দমন সম্পর্কে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশের সাফল্য সারা বিশ্বের কাছে বিস্ময়। এর কৃতিত্ব দেশবাসীর। একের পর এক জঙ্গি আস্তানা খুঁজে বের করে ধংস করে দেওয়া হয়েছে।’
বাসাবাড়ির ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, ‘ভাড়াটিয়াসহ সকল নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এ তথ্য ভাণ্ডারে নাম দেওয়া হয়েছে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। নাগরিকদের এ তথ্য সংগ্রহের কারণে নিরাপত্তার ক্ষেত্রে যুগান্তকারী একটা পরিবর্তন হয়েছে।’
কমিশনার বলেন, ‘বাসাবাড়ি করার সময় কেউ চাঁদা চাইলেই তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। পুলিশের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর যাতে করে মানুষ নিরাপদে পালন ও উদযাপন করতে পারে সে ব্যাপারে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।’
ওক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল।